রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের জামায়াতের সভাপতি বলে জানায়িছেন স্বজনরা।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত কবির আহমেদ ফুলবাড়িয়া এলাকায় মোবাইল পার্সের ব্যবসায়ী। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তৌহিদ হোসেনের সন্তান। আক্তার হোসেন নামে তার এক স্বজন জানান, আজ শনিবার বিকেলের দিকে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকরা কবির আহমেদের কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় কবির আহমদকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
কবির আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।