মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ঢালে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলিং মেরামতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে। এতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে দেড় থেকে দুই লাখ টাকা।
সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুরে মাগুরা থেকে ঢাকাগামী নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের বাসটি পদ্মা সেতু পার হয়ে মাওয়া প্রান্তের ঢালে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। পরে এটি ঢালের দুই পাশের রেলিংয়ে পরপর ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, দুর্ঘটনায় পশ্চিম পাশের রেলিংয়ে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে পূর্ব পাশের ব্যারিয়ারের ওপরের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের ওপর কিছু দাগ পড়লেও তা গুরুতর নয়। তাঁর ভাষ্য, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বাসের যাত্রী ও সেতুর অবকাঠামো রক্ষা পেয়েছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুপুর সোয়া ১টার দিকে বাসটি মাওয়া প্রান্তের ঢালে পৌঁছায়। এ সময় চালক অন্য একটি বাসকে অতিক্রমের চেষ্টা করেন। দ্রুতগতিতে চলার একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানে-বাঁয়ে দুলতে থাকে। পরে সেটি সড়কের ওপর আড়াআড়িভাবে পিছলে গিয়ে দুই পাশের রেলিংয়ে সজোরে আঘাত করে। এতে রেলিংয়ের বেশ কিছু অংশ ভেঙে যায় এবং শেষ পর্যন্ত বাসটি ঢালের ওপর উল্টে পড়ে।
সেতু-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে পদ্মা উত্তর থানায় রয়েছে। সেতুর নিরাপত্তায় গাড়িসহ দুটি টহল দল নিয়মিত দায়িত্ব পালন করছে। প্রতিটি দলে তিনজন করে সদস্য রয়েছেন। কোনো যানবাহন দুর্ঘটনায় পড়লে তাঁরা প্রাথমিকভাবে গাড়ি সরানো বা মেরামত এবং যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন।
প্রকৌশলী আবু সায়াদ আরও জানান, পদ্মা সেতুতে যানবাহনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। চালকদের সতর্ক করতে বিভিন্ন স্থানে বিলবোর্ডও রয়েছে। কিন্তু অনেক চালক নির্ধারিত গতিসীমা অনুসরণ করছেন না। দুর্ঘটনার সময় সেতুর ওপর চলাচলকারী কয়েকটি গাড়ির গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত ছিল বলে সিসিটিভি পর্যবেক্ষণে জানা গেছে।
সেতুর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে প্রায় ৪০০ মিটার পরপর স্থাপন করা হয়েছে ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা। এসব ক্যামেরার মাধ্যমে পুরো সেতুর যানবাহন চলাচল ও নিরাপত্তা পরিস্থিতি নজরদারি করা হয়।