বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর দলের চেয়ারম্যান জিয়া উদ্যানে বৃক্ষরোপণ করেন। পরে ক্রিসেন্ট লেকে মৎস্য অবমুক্ত করেন তিনি।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ এবং আলোচনা সভা।
এদিকে, বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠিত হয়। দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন জিয়াউর রহমান।