প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইনস্টাগ্রাম ভিডিওকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তরুণদের উদ্দেশে দেওয়া ওই বার্তা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পরিবর্তে মোদির পুরোপুরি একজন ইনফ্লুয়েন্সার হয়ে যাওয়াই উচিত।
লোকসভায় সম্প্রতি পাস হওয়া প্রশ্নফাঁসবিরোধী বিলের প্রসঙ্গ টেনে অভিজিৎ বলেন, শুধু নতুন আইন করলেই সমস্যার সমাধান হবে না। তার মতে, কার্যকর বাস্তবায়ন এবং সংশ্লিষ্টদের আন্তরিকতা না থাকলে এমন আইন কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।
একটি ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, প্রশ্নফাঁস মামলার জন্য ঘোষিত ফাস্ট-ট্র্যাক আদালতের প্রথম শুনানিতেই সিবিআইয়ের আইনজীবী উপস্থিত ছিলেন না। এতে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্যও উল্লেখ করেন। প্রিয়াঙ্কার ভাষ্য ছিল, শুধু ক্যামেরার অ্যাঙ্গেল বদলে তরুণদের আস্থা অর্জন করা সম্ভব নয়।
গত ২০ জুলাই নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে সিজেপির উদ্যোগে অনুষ্ঠিত পদযাত্রার পর তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। তবে দলটির অভিযোগ, আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয় এবং একাধিক মামলা দায়ের করা হয়। পরে মামলা প্রত্যাহারের আশ্বাসে আন্দোলন স্থগিত হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে দাবি করেছে সিজেপি।
অভিজিৎ হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত মামলা প্রত্যাহার না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি দাবি করেন, শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে এর জবাব দেবে।
এদিকে, বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের জেন-জি প্রজন্ম নিয়ে করা মন্তব্যের প্রতিক্রিয়ায় অভিজিৎ তাকে ‘পার্ট-টাইম রাজনীতিক’ বলে উল্লেখ করেন। তার মতে, এ ধরনের মন্তব্যের আলাদা করে জবাব দেওয়ার প্রয়োজন নেই।