আর্জেন্টিনার নিষিদ্ধ ফুটবলারদের জন্য স্বস্তি, প্রীতি ম্যাচেও গণনা হবে শাস্তি

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

বিশ্বকাপের ফাইনালে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া আর্জেন্টিনার তিন ফুটবলার ও এক কোচিং স্টাফের জন্য এসেছে কিছুটা স্বস্তির খবর। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনের পর নিষেধাজ্ঞা কার্যকরের নিয়মে পরিবর্তন অনুমোদন করেছে ফিফা।

শাস্তির আওতায় থাকা লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদাকে যথাক্রমে ১০, ৭ ও ১ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল। পাশাপাশি কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার ওপর আরোপ করা হয় তিন ম্যাচের নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞার মেয়াদ দ্রুত শেষ করার সুযোগ চেয়ে ফিফার কাছে আবেদন করেছিল এএফএ। তাদের প্রস্তাব ছিল, ‘এ’ শ্রেণির আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও যেন নিষেধাজ্ঞার ম্যাচ গণনা করা হয়। ফিফার ডিসিপ্লিনারি কমিটি সেই আবেদন গ্রহণ করেছে।

এর ফলে প্রতিযোগিতামূলক ম্যাচের পাশাপাশি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেও নিষেধাজ্ঞার মেয়াদ পূরণ করতে পারবেন শাস্তিপ্রাপ্ত খেলোয়াড়রা। এতে চলতি বছরের শেষ দিকে এবং ২০২৭ সালের শুরুতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক উইন্ডোগুলোতে পারেদেস ও মোলিনার মতো খেলোয়াড়দের শাস্তি তুলনামূলক দ্রুত শেষ করার সুযোগ তৈরি হয়েছে।

তবে নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর প্রচেষ্টা এখানেই শেষ করছে না এএফএ। শাস্তির মাত্রা কমাতে ফিফার আপিল কমিটির কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। পূর্ণাঙ্গ রায়ের নথি হাতে পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে আপিল প্রক্রিয়া শুরু করা হবে।

এএফএর আইনি উপদেষ্টা আন্দ্রেস পাতন এরই মধ্যে নিষেধাজ্ঞাকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছেন। ফিফার আপিল প্রক্রিয়ায় কাঙ্ক্ষিত সমাধান না এলে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) দ্বারস্থ হওয়ার সম্ভাবনাও বিবেচনায় রাখছে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ।