দেশ গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখতে আনসার-ভিডিপিকে প্রেসিডেন্টের আহ্বান অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৪:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬ মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বঙ্গভবনে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। প্রেসিডেন্টের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা নিশ্চিত করা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রেসিডেন্ট। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা আরও জোরদার করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মির্জা ফখরুল বলেন, আনসার সদস্যদের বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলা প্রয়োজন। পাশাপাশি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, খেলাধুলা, সংস্কৃতি ও জনমুখী কার্যক্রমে বাহিনীর অংশগ্রহণ আরও বাড়ানোর পরামর্শ দেন তিনি। সৌজন্য সাক্ষাতে আনসার ও ভিডিপির মহাপরিচালক প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন। এর মধ্যে রয়েছে দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সদস্যদের উন্নত প্রশিক্ষণ, সদস্যদের তথ্যভান্ডার তৈরি, ক্ষুদ্রঋণ কার্যক্রম এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচি। দায়িত্ব পালনে প্রেসিডেন্টের দিকনির্দেশনা ও সহযোগিতাও কামনা করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক। প্রেসিডেন্ট বলেন, আনসার ও ভিডিপি দেশের বৃহত্তম জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। তিনি বাহিনীটির সংস্কার এবং আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও উল্লেখ করেন। সাক্ষাতে আনসার ও ভিডিপির উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যক্রম গ্রহণের আহ্বান জানান প্রেসিডেন্ট। তিনি তাঁর দায়িত্ব পালনকালে বাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। এ সময় প্রেসিডেন্টের সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES ফিচার বিষয়: