সুনামগঞ্জে কাভার্ড ভ্যানসহ ৩ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

সুনামগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে একটি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শান্তিগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, টাস্কফোর্সের বিশেষ অভিযানে মালিকবিহীন একটি কাভার্ড ভ্যান থেকে ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি উদ্ধার করা হয়। আটক করা শাড়ি ও কাভার্ড ভ্যানের সর্বমোট আনুমানিক জব্দমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা।

অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ বিজিবির ১০ সদস্য অংশ নেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ পথে ভারতীয় পণ্য দেশে প্রবেশের মাধ্যমে সরকারের রাজস্ব ক্ষতি রোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

আটক করা ভারতীয় শাড়িগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে পরবর্তী আইনগত কার্যক্রম নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।