সরকারি দামের চেয়ে ৩০০–৪০০ টাকা বেশি দামে সার বিক্রির অভিযোগ অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৬ প্রতিকি ছবি বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে সার সংকট ও সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কোথাও সার পাওয়া যাচ্ছে না, আবার কোথাও পাওয়া গেলেও তা কিনতে হচ্ছে অতিরিক্ত দামে। স্থানীয় কৃষক হাবিব বলেন, “কোথাও সার পাচ্ছি না। যা পাওয়া যাচ্ছে, সেখানেও অনেক বেশি দাম চাওয়া হচ্ছে। সার না দিলে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে। এখন কী করব, সেটাই চিন্তা করছি।” কৃষকদের দাবি, সময়মতো সার প্রয়োগ করতে না পারলে ফসলের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চলমান চাষাবাদের মৌসুমে সার সংকট তাদের জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। খাজুরা বাজারের সার ডিলারদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা জানান, “আমাদের কাছে বর্তমানে কোনো সার নেই। আপাতত সার মজুত নেই।” একদিকে কৃষকদের সার না পাওয়ার অভিযোগ, অন্যদিকে ডিলারদের কাছে সার না থাকার বক্তব্য—এতে স্থানীয় কৃষকদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। কৃষকদের অভিযোগ, কোথাও সার পাওয়া গেলেও সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বস্তাপ্রতি ৩০০–৪০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। স্থানীয় কৃষকদের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে বাজারে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিং করার দাবি জানিয়েছেন তারা। কৃষকদের আশঙ্কা, দ্রুত সার সরবরাহ স্বাভাবিক না হলে সময়মতো সার প্রয়োগ করতে না পারায় তাদের ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কৃষকের স্বার্থে খাজুরা বাজারে জরুরি ভিত্তিতে সার সরবরাহ ও বাজার মনিটরিং জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES জীবন-যাপন বিষয়: