একসঙ্গে ৩০ ব্যাংকের ডিজিটাল সেবা বন্ধ, ক্ষুব্ধ গভর্নর অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২৬ কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন, কয়েক দিন সীমিত থাকবে কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা দেশের ৩০টি ব্যাংকে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজ চলায় সাময়িকভাবে ব্যাহত হবে বিভিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা। নির্ধারিত সময়ের মধ্যে এসব ব্যাংকের কার্ড, এটিএম, পিওএস, কিউআর ও অন্যান্য প্রযুক্তিনির্ভর লেনদেনে সীমাবদ্ধতা থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশনকে কেন্দ্র করে ৪ অক্টোবর রাত ৯টা থেকে ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত এ পরিস্থিতি থাকবে বলে ব্যাংকগুলোর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে এতগুলো ব্যাংক একই সময়ে সেবা সীমিত করার সিদ্ধান্ত নিলেও বাংলাদেশ ব্যাংককে আগে জানানো হয়নি। বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত পরিবর্তনের কারণে ৩০টি ব্যাংকের নির্দিষ্ট কিছু সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। ব্যাংকগুলো নিজেদের উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছে এবং এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংককে আগাম অবহিত করা হয়নি। তিনি বলেন, গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা একযোগে বন্ধ রাখার মতো সিদ্ধান্ত সংশ্লিষ্ট ব্যাংকগুলোর এককভাবে নেওয়া উচিত হয়নি। বিষয়টি গভর্নর গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং এ ঘটনায় তিনি ক্ষুব্ধ হয়েছেন। যেসব সেবায় প্রভাব পড়তে পারে মধুমতি ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডের নির্দিষ্ট সেবা, এটিএম, আইবিএফটি এবং কিউআরভিত্তিক লেনদেনে সাময়িক সমস্যা হতে পারে। তবে ব্যাংকটির ডেবিট কার্ডের লেনদেন সচল রাখার কথা জানানো হয়েছে। এ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম ও পিওএসের মাধ্যমে লেনদেন, বাংলা কিউআর এবং মানি অ্যাপ ব্যবহার করে ট্যাপ, বিকাশ, নগদ ও উপায়ে অর্থ স্থানান্তর চালু থাকবে। কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতার বাইরে থাকা ব্যাংকগুলোর মধ্যে ফান্ড ট্রান্সফারও স্বাভাবিক থাকবে বলে জানানো হয়েছে। ৩০ ব্যাংকের তালিকা এই প্রযুক্তিগত কার্যক্রমের আওতায় রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, ব্যাংক এশিয়া, বেসিক ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ব্যাংক আলফালাহ বাংলাদেশ, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা ব্যাংক, জনতা ব্যাংক, মেঘনা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি গ্লোবাল ব্যাংক, রূপালী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, সীমান্ত ব্যাংক, সোনালী ব্যাংক, সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, উত্তরা ব্যাংক ও উরি ব্যাংক বাংলাদেশ। ব্যাংকাররা বলছেন, গ্রাহকদের ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরতা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোর প্রযুক্তি অবকাঠামোও নিয়মিত আধুনিকায়ন করা প্রয়োজন। নিরাপত্তা জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং সিস্টেমের কার্যকারিতা বজায় রাখতে নির্ধারিত সময় পরপর রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের কাজ করা হয়। সাধারণত এ ধরনের কারিগরি কাজের সময় কিছু সেবা কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিনের জন্য সীমিত রাখা হতে পারে। কাজ শেষ হলে সেগুলো পুনরায় স্বাভাবিক করা হয়। তবে এবার একই সময়ে ৩০টি ব্যাংকের বিভিন্ন সেবা সীমিত থাকায় বড়সংখ্যক গ্রাহক সাময়িক সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে এটিএম, কার্ড ও ডিজিটাল লেনদেনের ওপর নির্ভরশীল গ্রাহকদের আগে থেকেই বিকল্প ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES অর্থ-বানিজ্য বিষয়: