গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, জামায়াত নেতাকে ছুরিকাঘাত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৬

‎রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে কবির আহমেদ নামে এক জামায়াত নেতা গুরুতর আহত হয়েছেন। আহত কবির আহমেদ গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের জামায়াতের সভাপতি বলে জানায়িছেন স্বজনরা।

‎শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়।

‎আহত কবির আহমেদ ফুলবাড়িয়া এলাকায় মোবাইল পার্সের ব্যবসায়ী। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার তৌহিদ হোসেনের সন্তান। ‎আক্তার হোসেন নামে তার এক স্বজন জানান, আজ শনিবার বিকেলের দিকে গুলিস্তান ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বিএনপি সমর্থকরা কবির আহমেদের কোমরের পেছনে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসি।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ‎গুরুতর আহত অবস্থায় কবির আহমদকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

কবির আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।