সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা ৫০ হাজার টাকাই বহাল

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণ বাবদ মাসিক ৫০ হাজার টাকা ভাতা আপাতত অপরিবর্তিত থাকছে। সরকারের উচ্চপর্যায়ের ইতিবাচক সিদ্ধান্তের পর এ বিষয়ে নির্ধারিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক স্থগিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৯ জুলাই অর্থ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয়কে পাঠানো এক চিঠিতে সুদমুক্ত ঋণে কেনা সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ির মাসিক রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়। এই প্রস্তাব সামনে আসার পর বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দেয়।

বিষয়টি নিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ, নির্বাচন কমিশন, জুডিশিয়াল সার্ভিসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ১৬ জুলাই বিকেলে একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সেই বৈঠক স্থগিত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন জানান, তাদের কাছে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পৌঁছায়নি। মৌখিকভাবে বৈঠক স্থগিতের তথ্য পাওয়ার পর নির্ধারিত সভাও বাতিল করা হয়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী উপসচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ৩০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণে গাড়ি কেনার সুযোগ পান। একই সঙ্গে তারা মাসিক ৫০ হাজার টাকা করে গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা গ্রহণ করেন। এই সুবিধা সশস্ত্র বাহিনীর মেজর ও তদূর্ধ্ব কর্মকর্তা, বিচার বিভাগীয় জেলা জজ ও ঊর্ধ্বতন বিচারক এবং নির্বাচন কমিশনের সমমানের কর্মকর্তারাও ভোগ করেন।

অর্থ বিভাগ তাদের চিঠিতে উল্লেখ করে, সরকারি ব্যয়ের সাশ্রয়, সীমিত সম্পদের কার্যকর ব্যবহার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে মোটরযান রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সুযোগ রয়েছে। সেই প্রেক্ষাপটে মাসিক ভাতা ৫০ হাজার টাকার পরিবর্তে ২৫ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছিল। তবে কীভাবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, সে বিষয়ে চূড়ান্ত প্রক্রিয়া নির্ধারণের দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওপরই রাখা হয়।