বেনজীর আহমেদকে ফেরাতে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুসন্ধান প্রতিদিন অনুসন্ধান প্রতিদিন প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ছবি : সংগৃহীত সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিলের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল’ ফার্ম) নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে দুবাইয়ের আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন। সেই জামিন আদেশ বাতিলের জন্য ইতোমধ্যে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে আদালতের আদেশের সত্যায়িত (সার্টিফায়েড) কপি সংগ্রহের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া অনুসরণ করে বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী। দ্রুত জামিন বাতিলের আবেদন নিষ্পত্তি হলে প্রত্যর্পণের পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে, দুবাইয়ে গ্রেপ্তারের পর গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ৩০ জুলাই তিনি কারামুক্ত হন। দুবাইভিত্তিক একাধিক সূত্রের দাবি, জামিনের শর্ত অনুযায়ী বেনজীর আহমেদের পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। একই সঙ্গে বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণ-সংক্রান্ত নথি ও অন্যান্য আইনি কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে শর্তসাপেক্ষে জামিন দেন। তবে এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। 📸 Download News PhotoCard (1080×1080) SHARES আন্তর্জাতিক বিষয়: