সরকারি অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার, চালকসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬

মানিকগঞ্জে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহনের অভিযোগে চালকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে চার লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জ মেডিকেল কলেজের সরকারি অ্যাম্বুলেন্সের চালক রেজাউল করিম খান মিলন (৪১), ইয়াবা ব্যবসায়ী ফরিদ মোহাম্মদ সৈকত (৪৭) ও খন্দকার আতিকুর রহমান রুবেল (৪০)। তারা সবাই মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।

মানিকগঞ্জ ডিবি পুলিশের ইনচার্জ মানবেন্দ্র বালো জানান, গোপন তথ্যের ভিত্তিতে সরকারি অ্যাম্বুলেন্সটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ভেতর থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অ্যাম্বুলেন্সটি জব্দ এবং তিনজনকে আটক করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা দীর্ঘদিন ধরে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করে ইয়াবা পরিবহন করছিলেন।

এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।