নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় এক গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে এক অ্যাম্বুলেন্সচালককে আটক করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগের পর তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। সাগর শেখ উপজেলার লক্ষ্মীপাশা তেলপাম্প এলাকার মৃত কামরুল শেখের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রামের গৃহবধূ সাদিয়া আক্তার লামিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

পরিবারের অভিযোগ, মরদেহ থানায় নেওয়ার পর গভীর রাতে থানার সামনে থাকা একটি অ্যাম্বুলেন্সের ভেতরে সাগর শেখ অবস্থান করছিলেন। এ সময় তিনি মরদেহের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের চেষ্টা করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সাদিয়ার মা সেখানে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন বলেও অভিযোগ করা হয়।

সাদিয়ার মায়ের দাবি, অ্যাম্বুলেন্সের জানালা গামছা দিয়ে আড়াল করে রাখা হয়েছিল। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, সাগর শেখকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মেহগনি বাগান থেকে একনলা বন্দুক উদ্ধার

এদিকে নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রঘুনাথপুর গ্রামের শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান চালায় কালিয়া থানার একটি দল। তল্লাশির একপর্যায়ে বাগানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুকটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, অস্ত্রটি কার এবং কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।