জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

জাতিসংঘ সফর শেষে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     

নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফেরার পথে দুবাইয়ে যাত্রাবিরতি
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট স্থানীয় সময় রাত ৮টা ২৩ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দুবাই থেকে আগামী ২৭ সেপ্টেম্বর রাত ২টায় এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একই দিন সকাল ৮টা ৪০ মিনিটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। এর আগে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফরে যান প্রধানমন্ত্রী। ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি। ভাষণে বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

নিউইয়র্ক সফরে বিশ্বনেতা, জাতিসংঘের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানান, নিউইয়র্কে চার দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী মোট ৩০টি সরকারি অনুষ্ঠানে অংশ নেন। এর মধ্যে ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক শান্তির মতো বিষয় আলোচনায় আসে।
সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও আটটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে চারটি অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’, ‘ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক উচ্চপর্যায়ের অনুষ্ঠানেও অংশ নেন তিনি।